• NEWS PORTAL

  • শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ইফতারের আগমুহূর্তে ইটবাহী ট্রলার কেড়ে নিলো সজীবের প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইফতারের আগমুহূর্তে ইটবাহী ট্রলার কেড়ে নিলো সজীবের প্রাণ

সবাই যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সাতক্ষীরার কলারোয়ায় একটি ইটবাহী ট্রলি কেড়ে নিল অষ্টম শ্রেণির ছাত্র সজীব হোসেনের প্রাণ। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সজীব হোসেন (১৫) উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। সে স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ইফতারের আগে সজীব বাইসাইকেলে করে নিজ গ্রাম আগুনপুর থেকে কলারোয়া সদরের বাসায় যাচ্ছিল। পথিমধ্যে আলাইপুর খাঁপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী দ্রুতগতির ট্রলি তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজীব ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হয়। পথচারীরা এসময় দ্রুত উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ছেলের অকালমৃত্যুর খবরে সজীবের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। 

স্থানীয়রা এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অবৈধ যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিল এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন।

কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: