• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আগুনে ভস্ম হলো ৩৫ দোকানের কাঠ, মূল্যবান আসবাব!

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ১৭:০৯, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আগুনে ভস্ম হলো ৩৫ দোকানের কাঠ, মূল্যবান আসবাব!

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, গভীর রাতে নওয়াপাড়া বাজারের কাঠপট্টিতে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার স্বার্থে পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাজারের ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে প্রচুর পরিমাণ সেগুন কাঠ ও মূল্যবান আসবাবপত্র মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: