• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন: দুই পর্বে মোতায়েন হবে আইন-শৃঙ্খলা বাহিনী, কাজ করবে সমন্বয় সেল

প্রকাশিত: ১৭:৩৭, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৭, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচন: দুই পর্বে মোতায়েন হবে আইন-শৃঙ্খলা বাহিনী, কাজ করবে সমন্বয় সেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দুই পর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং সমন্বয় সেল গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পর্বে তাদের মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। পুলিশ, আনসার ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং র‌্যাবের সমন্বয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলও গঠন করা হবে। এ সেলে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর একজন করে প্রতিনিধি থাকবেন।
 
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের ক্ষেত্রে প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছেন, তারা বলবৎ থাকবেন। দ্বিতীয় পর্বে ভোটকেন্দ্রিক মোতায়েন হবে। যেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন দায়িত্ব পালন করবেন।

নির্বাচন ও গণভোটে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তথ্য জানিয়ে তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্য থাকবেন ১ লাখ, বাংলাদেশ নৌ-বাহিনীর ৫ হাজার, বাংলাদেশ বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ (স্থলভাগ-১ হাজার ২৫০), বাংলাদেশ পুলিশের ১ লাখ ৪৯ হাজার ৪৪৩ জন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩, বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫, র‌্যাবের ৭ হাজার ৭০০ এবং সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ১৩ হাজার ৩৯০ জনসহ সর্বমোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। সেজন্য জাতীয় নির্বাচনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ আমাদের নিকট সর্বোচ্চ অগ্রাধিকার। আর এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: