• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জনগণের স্বার্থে ও অধিকার প্রতিষ্ঠায় লং মার্চ করছে জামায়াত: আব্দুল হালিম

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জনগণের স্বার্থে ও অধিকার প্রতিষ্ঠায় লং মার্চ করছে জামায়াত: আব্দুল হালিম

জনগণের স্বার্থে ও অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্য লং মার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লং মার্চের সমাপনী সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যেসব দাবিতে লং মার্চ করছি এটি জামায়াতের কোনো দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের আইনশৃঙ্খলা ভালো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, গণরায় বাস্তবায়ন হলে দলীয়করণ বন্ধ হবে, সুশাসন নিশ্চিত হবে। জুলাই অভ্যূত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্যে আত্মত্যাগ করেছিল তা বাস্তবায়ন হবে জুলাই সনদ বাস্তবায়ন হলে।  

আব্দুল হালিম বলেন, তিস্তাপাড়ের মানুষের স্বার্থ ও অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি। সরকার এ বিষয়ে আগ্রহী হয়েছিল। কিন্তু কোনো পরোক্ষ শক্তির কারণে সরকারের সেই উদ্যোগ থেমে গেলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। 

গণমানুষের দাবির আন্দোলনে চট্টগ্রামের চেয়ে রংপুরে বেশি পরিমান মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

এদিকে, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিতব্য ঢাকা–রংপুর লং মার্চের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে সকালে নগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে লং মার্চ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চ কর্মসূচি পালন করবে এগারো দলীয় ঐক্য। এ লক্ষ্যে মাঠে কাজ করছে জোটের রংপুরের নেতাকর্মীরা। 

প্রস্তুতি বৈঠক শেষে নেতৃবৃন্দ রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন। এ সময় জামায়াত নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস, বিদ্যুৎ, তেলের সংকট দূর করা, দলীয়করণ, দখলদারিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করাসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর লং মার্চ হবে। এতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন। উত্তরবঙ্গের ২২টি আসনের মধ্যে ১৮টি আসনে জামায়াতের প্রার্থী নির্বাচিত হওয়ায় রংপুর বিভাগীয় লং মার্চ চট্টগ্রামের চেয়ে বড় হবে। 

পরিদর্শনকালে রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল, জামায়াত নেতা বেলাল, কিবরিয়া আলমগীরসহ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত