• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হিফযুল কুরআন ফাউন্ডেশনের মেগা আয়োজন

সারাদেশের ১০ হাজার হাফেজের হিফযুল কুরআন প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ১৫:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সারাদেশের ১০ হাজার হাফেজের হিফযুল কুরআন প্রতিযোগিতা শুরু

পবিত্র কুরআনের আলো দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং হাফেজে কুরআনদের সম্মাননা জানাতে শুরু হলো ‘হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর আয়োজনে হিফযুল কুরআন প্রতিযোগিতা। সারাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেবে ১০ হাজার হাফেজ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার জামিয়াতুল মানহালে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রায় ১০ হাজার প্রতিভাবান হাফেজে কুরআন এই মেগা আয়োজনে অংশ নিতে যাচ্ছেন। শিশু-কিশোর ও তরুণদের কুরআন হিফযের প্রতি আরও বেশি উৎসাহিত করা এবং কুরআন ও সুন্নাহর আলোকে একটি নৈতিক ও আদর্শ প্রজন্ম গঠন করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।

প্রতিযোগীদের মেধা ও বয়সের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করা হবে। এর মধ্যে ৫, ১০ এবং পূর্ণাঙ্গ ৩০ পারা হিফয বিভাগের পাশাপাশি দৃষ্টিনন্দন তিলাওয়াত ও তাজবিদ বিভাগও থাকছে। প্রাথমিকভাবে উপজেলা ও জেলা পর্যায়ে বাছাই পর্ব শুরু হয়ে পর্যায়ক্রমে বিভাগীয় ও চূড়ান্ত জাতীয় আসর অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতী হুমায়ুন সাঈদ। তিনি জানান, বিগত বছরের চেয়ে এবার প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় শুধুমাত্র ঢাকাকেই ৮টি জোনে ভাগ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা হিফযুল কুরআন ফাউন্ডেশনকে একটি মডেল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে চাই। শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রতিযোগিতার আয়োজন করে কুরআনের খেদমত করার ইচ্ছা আমাদের রয়েছে।’ 

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা এবং বিকেএমইএ-এর পরিচালক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে কয়েকজন ব্যবসায়ী বন্ধু মিলে আমরা এই কুরআনি প্রতিযোগিতার শুরু করেছিলাম, যা আজ আপনাদের সামনে দৃশ্যমান। ফাউন্ডেশনের চেয়ারম্যানের অক্লান্ত পরিশ্রম এবং তার নিবেদিত ওলামায়ে কেরামের টিমের প্রচেষ্টায় আমরা এতদূর আসতে পেরেছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালীউল্লাহ। তিনি বলেন, ‘এই ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ কুরআনের আলোতে আলোকিত হবে, এই স্বপ্ন আমরা দেখি।’ এছাড়াও উপস্থিত ছিলেন হেজাজ সোয়েটার লিমিটেডের এমডি মো. আলমগীর হোসেন। তিনি তার বক্তব্যে ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ কামরুজ্জামান বলেন, তারা এই ফাউন্ডেশনের কাজকে শুধু প্রতিযোগিতার মাঝেই সীমাবদ্ধ রাখতে চান না; বরং দেশের আলেম, হাফেজসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা জামিয়াতুল মানহালের মহাপরিচালক মুফতি কাফায়েতুল্লাহ আযহারী। তিনি সর্বদা হিফযুল কুরআন ফাউন্ডেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট সম্মাননা, নগদ অর্থ এবং পরবর্তী পর্বের জন্য ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। সবশেষে প্রধান আলোচকের মোনাজাতের মধ্য দিয়ে সুন্দর ও সুশৃঙ্খল এই উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে আয়োজকদের তরফে 01760388596 এবং 01751800478 নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত