গত ৭ মাসে রাষ্ট্রের মদদে কোনো গুম হয়নি: মাহদী আমিন
গত সাত মাসে রাষ্ট্রের পরিচালনায় কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি এবং রাষ্ট্রের মদদে কোনো গুমও হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদের শিকড় স্বল্প সময়ে পুরোপুরি উপড়ে ফেলা সম্ভব নয়। একই সঙ্গে দেশে সর্বোচ্চ বাক্স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এ সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। সংকট থেকে বের হতে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নির্বাচনী ইশতেহারের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। নিশ্চিত করা হবে বাক্স্বাধীনতা এবং প্রতিষ্ঠা করা হবে আইনের শাসন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যের সঙ্গে অবশ্য ভিন্নমত পোষণ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দেশে এখনো পুরোপুরি বাক্স্বাধীনতা নিশ্চিত হয়নি।
টিআইবির তথ্য তুলে ধরে ইফতেখারুজ্জামান দাবি করেন, গত সাত মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ৫২টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একই সময়ে ৫৮টি আটকের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
ফলে সরকারের পক্ষ থেকে মানবাধিকার পরিস্থিতি ও বাক্স্বাধীনতা নিয়ে যে দাবি করা হচ্ছে, তার সঙ্গে টিআইবির তথ্যের পার্থক্য নিয়ে আলোচনা সভায় ভিন্নমত উঠে আসে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: