বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে আগ্রহী তার দেশ।
বুধবার (২৮ অক্টোবর) জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন আকাজাওয়া রিয়োসেই।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার বিভিন্ন খাত এগিয়ে নেওয়া এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে জাপানি ব্যবসায়ী মহলে বাংলাদেশের প্রতি বিদ্যমান বিনিয়োগ-আগ্রহ কাজে লাগিয়ে দেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া—উভয়েই দুইবার করে জাপান সফর করেছেন। তাদের সময় থেকেই বাংলাদেশ-জাপান সম্পর্কের বিকাশ ও অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে। তিনি এই ঐতিহ্যকে এগিয়ে নিতে চান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: