তেলবাহী ট্রেন লাইনচ্যুত, উদ্ধারকারী ট্রেনেও জটিলতা; বন্ধ যোগাযোগ
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে খুলনা থেকে তেল নিয়ে আমনুরা পাওয়ার প্লান্টের উদ্দেশে আসার পথে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।

তবে, উদ্ধারকাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর সেটিও সাময়িকভাবে লাইনচ্যুত হয়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরে রেলওয়ে কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতায় উদ্ধারকারী ট্রেনটিকে পুনরায় লাইনে তোলা সম্ভব হয়।
এ ঘটনায় রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একাধিক ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হওয়ায় সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, লাইনচ্যুত তেলবাহী ট্রেনটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। রেললাইন মেরামত এবং দুর্ঘটনাগ্রস্ত বগিগুলো সরিয়ে নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: