সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
ফাইল ছবি
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের একই পরিবারের ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের খিরজার মোল্লার দুই স্ত্রী আমেনা বেগম ও কমেলা বেগম এবং মেয়ের জামাই জাকারিয়া হোসেন, নুর ইসলাম ও তার স্ত্রী শাহানাজ খাতুন সেফালি। তারা একই পরিবারের চাচা-চাচি, জামাই ও ভাতিজা সম্পর্ক বলে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন খিরজার মোল্লার ভাতিজা দাদপুর চরের পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম।
জানা গেছে, অটোরিকশা কুষ্টিয়ার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
তারা কুষ্টিয়ার খাজানগরে কিছুদিন আগে নির্মাণ করা বাড়ি থেকে চকরাজাপুরের দাদপুরের আরেক বাড়িতে আসছিলেন বলে পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান।
পদ্মার ভাঙ্গনের কারণে তারা কিছুদিন আগে কুষ্টিয়ার খাজানগর গ্রামে বাড়ি করেছেন। তারা বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে ও খাজানগর গ্রামে থাকে।
এ বিষয়ে কুষ্টিয়ার হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে তিনজনের এবং হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: