চান্দিনা থানায় মাদকের তথ্য দিতে ‘অভিযোগ বাক্স’, ১ মাসে ১ অভিযোগ!
মাদক কারবারিদের তথ্য সংগ্রহে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লার চান্দিনা থানা পুলিশ। থানার কার্যালয়ের দরজার সামনে রাখা হয়েছে বিশেষ ‘অভিযোগ বাক্স’। এতে লেখা রয়েছে—‘মাদক সংক্রান্ত যে কোনো অভিযোগ করুন’।
পুলিশের এমন উদ্যোগে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে পরিচয় প্রকাশ বা পরবর্তী হয়রানির আশঙ্কায় যারা সরাসরি পুলিশের কাছে মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিতে দ্বিধাবোধ করেন, তাদের জন্য অভিযোগ বাক্সটি কার্যকর মাধ্যম হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
সেবা নিতে আসা শাহ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘মাদক নিয়ে সাধারণ মানুষ অনেক সময় তথ্য দিতে চায় না। কারণ তথ্য দেওয়ার পর নানা সমস্যায় পড়ার আশঙ্কা থাকে। এটি একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ তথ্য দিয়ে নিরাপদ থাকতে পারবে।’
থানা সূত্রে জানা গেছে, মাদক বিক্রি, পরিবহন, সেবন কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য বা অভিযোগ লিখিতভাবে এই বাক্সে দেওয়া যাবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিযোগ বাক্স বসানো হয়েছে ১মাস হয়েছে। আমরা প্রতিদিন চেক করি, কোনো অভিযোগ পড়েছে কিনা? ১মাসে মাত্র ১টি অভিযোগ পড়েছে। অভিযোগ বাক্সে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তারপরও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিবো।’
বিভি/এআই













মন্তব্য করুন: