• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ 

প্রকাশিত: ১৪:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ 

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রস্তুত করা এ তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত কেন্দ্র তালিকা নিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আপত্তি কিংবা সংশোধনের প্রয়োজন থাকলে তা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি গ্রহণ করা হবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে হবে। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আবেদন জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সময়সীমা পেরিয়ে গেলে কেন্দ্র তালিকা নিয়ে কোনো ধরনের আপত্তি বা আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার আগে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।

কেন্দ্র তালিকা ও পরীক্ষার সময়সূচি প্রকাশের ফলে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের প্রস্তুতির পাশাপাশি পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত বিষয়গুলোও এখন চূড়ান্তভাবে জানার সুযোগ তৈরি হলো।

বিভি/এসজি

মন্তব্য করুন: