‘হৃদয়ে ঢাকা ৪১৬’ নাট্যোৎসবের দ্বিতীয় পর্ব শুরু
৭৯৮তম মঞ্চায়নের অপেক্ষায় লোক নাট্যদলের ‘কঞ্জুস’
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ নাট্যোৎসবের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে রবিবার (৬ সেপ্টেম্বর)। নয়টি নাট্যদলের অংশগ্রহণে আয়োজিত এ উৎসব চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকের প্রদর্শনী।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে লোক নাট্যদলের প্রযোজনা ‘কঞ্জুস’। ফরাসি নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি ‘The Miser’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন নাট্যজন তারিক আনাম খান। লোক নাট্যদলের এ প্রযোজনাটি দেশের সবচেয়ে বেশি মঞ্চায়িত নাটকগুলোর একটি হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে।
সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় ‘কঞ্জুস’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির নির্দেশনায় রয়েছেন কামরুন নূর চৌধুরী। লোক নাট্যদলের প্রযোজনাটি মলিয়েরের রচনাকে বাংলাদেশের দর্শকের উপযোগী করে রূপান্তরের মাধ্যমে মঞ্চে তুলে ধরে।
নাট্যোৎসবটির আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ব্যবস্থাপনায় রয়েছে ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬ সমন্বয় পর্ষদ’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের প্রতিটি দিনই জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় নাটকের প্রদর্শনী হবে। পাশাপাশি ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়।
‘কঞ্জুস’ দীর্ঘদিন ধরে বাংলাদেশের মঞ্চনাটকের দর্শকদের কাছে পরিচিত একটি নাম। ৭৯৮তম মঞ্চায়নের অপেক্ষায় রয়েছে আকর্ষনীয় এই নাটকটি। বিভিন্ন সময়ে নাটকটির শত শত প্রদর্শনী হয়েছে এবং এটি লোক নাট্যদলের অন্যতম সফল প্রযোজনা হিসেবে বিবেচিত।
নাট্যপ্রেমীদের জন্য উৎসবটি রাজধানীর মঞ্চনাটকের বৈচিত্র্য উপভোগের পাশাপাশি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ও নাট্যচর্চার সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: