• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ম্যাডাম জেহের: দিনে সামলাতেন বিউটি পার্লার, রাতে হয়ে যেতেন মাদক কারবারী

প্রকাশিত: ১৬:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ম্যাডাম জেহের: দিনে সামলাতেন বিউটি পার্লার, রাতে হয়ে যেতেন মাদক কারবারী

ভারতের রাজধানীতে লরেন্স বিষ্ণোই, হাশিম বাবা গ্যাংয়ের একটি বড় সিন্ডিকেটকে আটক করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এ অভিযানে গ্রেফতার হয়েছেন খুশনুমা আনসারি ওরফে নেহা এবং তার সঙ্গী শীর্ষ অস্ত্র সরবরাহকারী ববি কবুতর ওরফে মাহফুজ। 

পুলিশ জানিয়েছে, উত্তর–পূর্ব দিল্লিতে একটি বিউটি পার্লার চালাতেন তিনি। তবে সেটি ছিল মূলত অপরাধী নেটওয়ার্কের আড়াল। তিনি দিনে বিউটি পার্লার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন।

তদন্তে জানা যায়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন নেহা। আর তার সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর। তিনি ভারতের কুখ্যাত অবৈধ অস্ত্র ব্যবসায়ী এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সম্পৃক্ত সেলিম পিস্তলের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতেন।

পুলিশের মতে, এই সিন্ডিকেটের সরবরাহ করা অস্ত্র বিভিন্ন আলোচিত অপরাধে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডসহ আরও কয়েকটি ঘটনা। তদন্তকারীরা বলছেন, ওই হত্যাকাণ্ডের আগে গায়কের চলাফেরা নজরদারি করার কাজেও যুক্ত ছিলেন ববি কবুতর।

তদন্তে আরও উঠে এসেছে, অপরাধী চক্রটিতে নারীদের ভূমিকা বাড়ছে। নেহাকে এই গ্যাংয়ের তৃতীয় ‘লেডি ডন’ হিসেবে উল্লেখ করছে পুলিশ। এর আগে একই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজন নারী সদস্যকেও গ্রেফতার করা হয়েছিলো।

গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে মহিপালপুর ফ্লাইওভারের কাছ থেকে নেহা, ববি এবং আরও দুইজনকে আটক করা হয়। গ্রেফতারের সময় নেহার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করে গ্যাংটির আর্থিক লেনদেন ও ন্যাশনাল ক্যাপিটাল রিজনজুড়ে ছড়িয়ে থাকা স্লিপার সেল সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

সূত্র: এনডিটিভি

বিভি/এসজি

মন্তব্য করুন: