• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের ‘তীব্র’ সংঘাতে অন্তত ১১০০ শিশু হতাহত: ইউনিসেফ

প্রকাশিত: ১২:৪৩, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যের ‘তীব্র’ সংঘাতে অন্তত ১১০০ শিশু হতাহত: ইউনিসেফ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের মধ্যে চলমান ‘তীব্র’ সংঘাতে মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই অঞ্চলে নিহত বা আহত শিশুর সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সহিংসতায় শিশুদের ওপর চরম প্রভাব পড়েছে। সংস্থার দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ শিশু, ইসরাইলে ৪ শিশু এবং কুয়েতে ১ শিশু প্রাণ হারিয়েছে।

ইউনিসেফ হুঁশিয়ারি দিয়ে বলেছে, সহিংসতা যত বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে, এই সংখ্যা আরও বেড়ে যেতে পারে। যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা হামলার মুখে মানুষরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শিশুদের হত্যা, পঙ্গু করা বা তাদের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবা ধ্বংস করার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

সংস্থা উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যের প্রায় বিশ কোটি শিশুর ভবিষ্যৎ এখন হুমকির মুখে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: