ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের ৩৪৬ বংশধরের নাম
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নবাব পরিবারের ৩৪৬ সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এরা সবাই বাংলার সাবেক নবাব মীর জাফরের বংশধর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরিবারটির দাবি–সম্প্রতি নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধনী’ (এসআইআর) কার্যক্রমের পর প্রথমে তাদের নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়। পরে সম্পূরক ভোটার তালিকা প্রকাশিত হলে দেখা যায়, পরিবারের কয়েকশ সদস্যের নাম বাদ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সাল পর্যন্ত তারা নিয়মিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।
‘ছোট নবাব’ নামে পরিচিত সৈয়দ রেজা আলী মির্জা অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার ভাষ্য, শুধু তার নয়, পরিবারের আরও কয়েকজন সদস্য। এমনকি তার ছেলে, যিনি একজন জনপ্রতিনিধি, তাকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
পরিবারের আরেক সদস্য সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা জানান, ২০০২ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। হঠাৎ করে নাম বাদ দেওয়ার কারণ তারা বুঝতে পারছেন না।
নবাব পরিবারের সদস্যদের দাবি, দেশভাগের সময় তাদের পূর্বপুরুষ ওয়াসিফ আলি মির্জা ভারতেই থাকার সিদ্ধান্ত নেন। এমনকি মুর্শিদাবাদকে ভারতের অন্তর্ভুক্ত রাখতে তাদের পরিবারের ভূমিকা ছিল বলেও তারা উল্লেখ করেন। অতীতে ভারতের সর্বোচ্চ আদালতও তাদের বংশপরিচয় স্বীকৃতি দিয়েছে বলে দাবি তাদের।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
আগামী ২৩ এপ্রিল মুর্শিদাবাদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হলে চলতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিভি/এসজি



মন্তব্য করুন: