• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস

প্রকাশিত: ১৬:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।’ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে গণতান্ত্রিক সংস্কার আনা হবে, তার অগ্রাধিকার আগে নির্ধারণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির বিষয়ও রয়েছে। নতুন জনবল নিয়োগ এবং সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা প্রয়োজন।

এ সময় তিনি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রণয়নের নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে প্রস্তাবিত সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: