ট্রেনে ঈদযাত্রা নিয়ে যেসব নির্দেশনা দিলেন রেলপথমন্ত্রী
ট্রেনে ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির ব্যবস্থা বহাল থাকবে। তবে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণ করতে না পারেন, তা নিশ্চিত করতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় রেলযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় নির্দেশনা দেন তিনি।
এছাড়া টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিটবিহীন কোনো যাত্রী যেন প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের নিরাপদে বসার সুবিধা নিশ্চিত করতে প্ল্যাটফর্মে নির্ধারিত আসনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি ও মো. রাজিব আহসান এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: