• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

সরকারি কাজে কোন প্রকার অবহেলা সহ্য করা হবে না: শ্রমমন্ত্রী

প্রকাশিত: ১৪:৩৯, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সরকারি কাজে কোন প্রকার অবহেলা সহ্য করা হবে না: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিক ও মেহনতি মানুষের দেশ হলো বাংলাদেশ। অথচ তাদের সরকারি সহায়তা বা সেবা দিতে এখনও পুরোনো কাগুজে পদ্ধতির ওপর নির্ভর করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সেবাকে সময়োপযোগী ও হয়রানিমুক্ত করতে দ্রুত অনলাইনভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এছাড়াও,সরকারি কাজে কোন প্রকার অবহেলা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৪ মার্চ) রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী সেবার মানোন্নয়নে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরির নির্দেশ দেন। পাশাপাশি তিনি শ্রম অধিদপ্তরের আইটি সেক্টরসহ চলমান সব উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির গুরুত্বে জোর দেন।

এ সময় শ্রমমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি কাজে কোন প্রকার অবহেলা সহ্য করা হবে না। যার যা দায়িত্ব, তাকে তা সজাগ ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। প্রতিটি স্তরে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করে শ্রমিকদের হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আক্তার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: