একটি ফ্যাসিবাদী সংস্কৃতির বিকল্প আরেকটি নয়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, বিএনপি প্রমাণ করবে, একটি ফ্যাসিবাদী সংস্কৃতির বিকল্প আরেকটি ফ্যাসিবাদী সংস্কৃতি নয়। কোন কোন রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহারের মাধ্যমে, ধর্মব্যবসার মাধ্যমে বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির ধারা চালু করতে চায়।
বুধবার (৪ মার্চ) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এই সরকার দলীয় আধিপত্য কিংবা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় না। যেকোনো অপরাধকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি কোন অপরাধকে তামাদি হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে কেবল প্রতিশোধ নেওয়ার জন্য কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নয়। বরং, সরকার গঠনের মাধ্যমে জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো ও সংস্কৃতি গড়ে তোলার জন্য। যেকোনো সমস্যার সমাধান আইন ও বিধিবিধানের মাধ্যমে হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যেকোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে গ্রহণ করতে দেওয়া হবে না।
মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচিসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: