• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

২৬ হাজার লিটার তেল নিয়ে নদীতে ডুবলো লরি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
২৬ হাজার লিটার তেল নিয়ে নদীতে ডুবলো লরি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি পদ্মা নদীতে ডুবে গেছে। ঘটনার পর ১৬ ঘণ্টার বেশি সময় পার হলেও এখনও নিমজ্জিত লরিটি উদ্ধার হয়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে পদ্মায় নিমজ্জিত লরিটি উদ্ধারে কাজ করছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে নিয়োজিত। আশা করছি দ্রুত সময়ের মধ্যে লরিটি উদ্ধার করা সম্ভব হবে।

এর আগে ‎বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটে। তবে, লরির চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার বাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামার সময় লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ডুবে যাওয়া লরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা পদ্মায় নিমজ্জিত লরিটি তুলে আনার চেষ্টা করছে।

ঘটনার খবর পেয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ডুবে যাওয়া লরির চালক ও সহযোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং লরিটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বলেন, যেখানে লরিটি পদ্মায় নিমজ্জিত হয়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি। এখন উদ্ধারকারী হামজার ক্রেনের সঙ্গে রেকার দিয়ে বাঁধার চেষ্টা করছে ডুবুরি। এরপর সিস্টেম অনুযায়ী টেনে তোলা হবে। এজন্যই উদ্ধার করতে সময় লাগছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: