• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পুলিশ প্রশাসনে বড় রদবদল, তালিকায় ২১ কর্মকর্তা

প্রকাশিত: ২২:১০, ১৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পুলিশ প্রশাসনে বড় রদবদল, তালিকায় ২১ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের প্রশাসনে নতুন করে বেশ কিছু পদায়ন ও বদলি করা হয়েছে। এর মধ্যে ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৬ জন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ জারি করা হয়।

একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকেও আরেকটি প্রজ্ঞাপন জারি করে পুলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়। উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখা (এসবি)-এর প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে এসব পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: