• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

হালিশহরে বিস্ফোরণে ৬ মৃত্যু; তদন্তে মেলেনি গ্যাস লিকেজের প্রমাণ

প্রকাশিত: ১১:০৫, ১৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হালিশহরে বিস্ফোরণে ৬ মৃত্যু; তদন্তে মেলেনি গ্যাস লিকেজের প্রমাণ

চট্টগ্রাম মহানগরীর হালিশহরের একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে গ্যাস লিকেজের কোনো প্রমাণ মেলেনি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)-এর তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণ হয়নি।

গত ২৩ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম মহানগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় একই পরিবারের মোট ৯ জন সদস্য দগ্ধ হন। ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা যান।

ঘটনার পরপরই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে গ্যাস লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল।

এ ঘটনার পর কেজিডিসিএল ও ফায়ার সার্ভিস পৃথক তদন্ত কমিটি গঠন করে। কেজিডিসিএল-এর চার সদস্যের তদন্ত কমিটিকে চার কার্যদিবস সময় দেওয়া হলেও তারা সম্প্রতি প্রতিবেদন জমা দেয়।

কমিটির প্রধান কেজিডিসিএল-এর উত্তর বিতরণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. রফিক খান জানান, তাদের তদন্ত প্রতিবেদন সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। গ্যাস লিকেজ হলে রান্নাঘরের বিভিন্ন উপকরণ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, কিন্তু সেসব অক্ষত ছিল।

ওই বাসার ভাড়াটিয়া একজন মোটর গ্যারেজের মালিক। ফ্ল্যাটে মোটরগাড়ির এসির কম্প্রেসর, গাড়ি রং করার কাজে ব্যবহৃত রাসায়নিক ভর্তি ড্রাম এবং গাড়ির ব্যাটারি পাওয়া গেছে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ বা এসব রাসায়নিক পদার্থ ও যন্ত্রাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বিস্ফোরণে দগ্ধ তিন শিশু এখনো ঢাকায় চিকিৎসাধীন। তারা হলেন—মারা যাওয়া গৃহকর্তা শাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান এবং শাখাওয়াতের ছোট ভাই সামিরের দুই সন্তান ফারহান আহমেদ ও আয়েশা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: