সর্বজনীন পেনশন কর্মসূচিতে যুক্ত হচ্ছে নতুন যেসব সুবিধা
ছবি: অনলাইন
সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় ও জনবান্ধব করতে নতুন ছয়টি সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবিত সুবিধার মধ্যে রয়েছে পাঁচ বছর চাঁদা দেওয়ার পর বিশেষ পরিস্থিতিতে জমা অর্থ উত্তোলনের সুযোগ, পেনশনভোগীর মৃত্যুর পর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন, ৫৫ বছর বয়স থেকে পেনশন চালু, ইসলামি পেনশন ব্যবস্থা, স্বাস্থ্য বিমা এবং নিবন্ধনকারী প্রতিষ্ঠানের কমিশন বৃদ্ধি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানা গেছে। বৈঠকে মোট ১১টি আলোচ্যসূচি রয়েছে। এতে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পর্ষদের অনুমোদন পাওয়ার পর প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
বর্তমানে সর্বজনীন পেনশনের চারটি কর্মসূচি চালু রয়েছে—প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। ২০২৩ সালের ১৭ আগস্ট এ ব্যবস্থা চালু করা হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় তিন বছর পর চার কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন। তাদের জমা করা মোট অর্থের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।
নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো গ্রাহক পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক বা আর্থিক কারণে অক্ষম হয়ে পড়লে বিশেষ বিবেচনায় তাঁর জমা অর্থ উত্তোলনের সুযোগ পেতে পারেন। এতে দীর্ঘমেয়াদি চাঁদা চালিয়ে যেতে না পারা গ্রাহকদের জন্য একটি বিকল্প তৈরি হবে।
পেনশনভোগীর মৃত্যুর পর তার মনোনীত স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাবও রয়েছে। বর্তমানে চাঁদাদাতা মারা গেলে পরিবারের কেউ নিয়মিত পেনশন পান না। তবে তিনি ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মারা গেলে নমিনি তাঁর ৭৫ বছর বয়স পর্যন্ত বাকি সময়ের জন্য পেনশন পান।
এ ছাড়া পেনশন পাওয়ার বয়স ৬০ থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাব করা হয়েছে। সুদভিত্তিক ব্যবস্থার বাইরে থাকতে চান এমন ব্যক্তিদের জন্য চালু হতে পারে ইসলামি পেনশনের পৃথক সংস্করণ।
পেনশন স্কিমে গ্রাহক নিবন্ধনকারী ব্যাংক, ডাক বিভাগ, এমএফএসসহ অনুমোদিত প্রতিষ্ঠানের কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি ও মুনাফার হার পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় রিজার্ভ বা কনটিনজেন্সি তহবিল গঠনের প্রস্তাবও আলোচনায় থাকবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: