• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ব্রিটিশ কোম্পানির বড় বিনিয়োগ ও বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা

প্রকাশিত: ২০:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শাহজালালে ব্রিটিশ কোম্পানির বড় বিনিয়োগ ও বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা

ছবি: সংবাদ সম্মেলনে মেনজিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রীসেবা অপারেটর হিসেবে নির্বাচিত হলে প্রথম বছরেই ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্যভিত্তিক বিমান চলাচল সেবা প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, এ বিনিয়োগের মাধ্যমে সরাসরি ১ হাজার এবং পরোক্ষভাবে আরও সাড়ে ৪ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেনজিসের কর্মকর্তারা এসব পরিকল্পনার কথা জানান। প্রতিষ্ঠানটি জানায়, প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বিমানবন্দর পরিচালনা, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের এভিয়েশন খাতের সক্ষমতা বাড়াতে ব্যয় করা হবে। ঢাকায় একটি মেনজিস ট্রেনিং অ্যাকাডেমি প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করা হবে।

এ ছাড়া স্থানীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের সঙ্গে কাজ করে এভিয়েশন শিক্ষা, ইন্টার্নশিপ এবং গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয়ভাবে ইউনিফর্ম তৈরি ও সংগ্রহের পরিকল্পনার কথাও জানানো হয়, যা দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতেও ব্যবসার সুযোগ বাড়াতে পারে।

তৃতীয় টার্মিনালের দ্বিতীয় অপারেটর নির্বাচনে মেনজিসের সঙ্গে চেলেবি এভিয়েশন, ডানাটা, সুইসপোর্ট ও স্যাটস প্রতিযোগিতায় রয়েছে।

রাজনৈতিক বা ভূরাজনৈতিক প্রভাবের বিষয়ে প্রশ্ন করা হলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিচালক সাকিব এরশাদ বলেন, প্রতিযোগিতাটি ন্যায্য হবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, বেবিচক আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে।
 

বিভি/এমআর

মন্তব্য করুন: