• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই

প্রকাশিত: ১৮:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অধ্যাপক ড. নূরজাহান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক ড. নূরজাহান সরকার একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এ বিষয়ে গবেষণায় তিনি অসাধারণ অবদান রেখেছেন। শিক্ষা ও গবেষণায় তার অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

অধ্যাপক আবদুস সালাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. নূরজাহান সরকার ১৯৪৮ সালে ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ সালে ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৫’-সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বন্যপ্রাণী বিষয়ে তার একাধিক গ্রন্থও রয়েছে।

অধ্যাপক ড. নূরজাহান সরকারের মৃত্যুতে প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকে বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া গভীর শোক প্রকাশ করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: