• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মাঠ-খেলোয়ার-দর্শক, সবই ভারতের; পারবে কি নিউজিল্যান্ড?

প্রকাশিত: ১৮:৩৬, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মাঠ-খেলোয়ার-দর্শক, সবই ভারতের; পারবে কি নিউজিল্যান্ড?

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টি–টোয়েন্টির সর্ববৃহৎ এই টুর্নামেন্টে মোট তিন ম্যাচ খেলে তিনবারই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ১৬ ম্যাচে মাত্র একবার হেরেছে ভারত।

পরিসংখ্যান বলছে, প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার এবং রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতের সামনে। একই সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও রয়েছে তাদের। অন্যদিকে, নিউজিল্যান্ডের সামনে রয়েছে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এর আগে ২০২১ সালে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয় নিউজিল্যান্ড।

জানা যায়, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় এক লাখ ৩২ হাজার। এই মাঠে ভারতের দর্শকে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে—এটা বলাই বাহুল্য। অর্থাৎ মাঠে খেলোয়াড় ও দর্শক—উভয় দিক থেকেই সুবিধাজনক অবস্থানে থাকবে ভারত। তাই ঘরের মাঠে ট্রফি জিততে মরিয়া স্বাগতিকরা। তবে দল হিসেবে নিউজিল্যান্ডের পারফরম্যান্সও দুর্দান্ত। ফলে সুরিয়াকুমার যাদবদের সহজে ছেড়ে দেবে না কিউইরাও।

এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। তিনবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় দুই দলের। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড। ২০১৬ সালের বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই দল। নাগপুরে সুপার টেনের ম্যাচে ভারতকে ৪৭ রানে হারায় কিউইরা। শেষবার ২০২১ বিশ্বকাপে তৃতীয়বারের মতো ভারতের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

তবে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও টি–টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতই। দুই দলের মধ্যে হওয়া ৩০ ম্যাচের ১৬টিতে জয় পেয়েছে ভারত। নিউজিল্যান্ড জিতেছে ১১টিতে। আর ৩টি ম্যাচ টাই হয়েছে। এবার দেখার পালা—মহারণে শেষ হাসি হাসে কোন দল।

ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত