• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নাথান লায়নের পাশে হাসান মাহমুদ, বিশ্ব ক্রিকেটে গড়লেন ইতিহাস

প্রকাশিত: ১৮:২৫, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নাথান লায়নের পাশে হাসান মাহমুদ, বিশ্ব ক্রিকেটে গড়লেন ইতিহাস

বাংলাদেশি পেসার হাসান মাহমুদ যেন রেকর্ডের আরেক নাম। মাত্র এক মাস আগে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পর, এবার দেশের মাটিতেও সেই সাফল্যের দেখা পেলেন তিনি। ক্যারিয়ারের ১৯তম টেস্টে এসে গড়লেন এক বিরল আন্তর্জাতিক রেকর্ড-যা টেস্ট ক্রিকেটে এতদিন কেবল অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লিয়নের একাই দখলে ছিল।

২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন হাসান। পাকিস্তানের বিপক্ষে মাত্র নিজের তৃতীয় টেস্টেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। এরপর একে একে ভারত, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতেও ফাইফারের স্বাদ পান তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে এক ইনিংসে ৬ উইকেট শিকার করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। তবে ঘরের মাঠে পাঁচ উইকেট পাওয়ার আক্ষেপটা এতদিন অধরাই ছিল। অবশেষে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি ভিন্ন দেশে পাঁচ উইকেট শিকারের অনন্য নজির গড়লেন এই বাংলাদেশি পেসার।

এই অর্জনের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন এককভাবে হাসানের দখলে। মাত্র ১৯ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীব ৩৮ টেস্টে ৪ বার ফাইফার নিয়ে এতদিন এগিয়ে ছিলেন। এছাড়া নাহিদ রানা ও রবিউল ইসলাম দুটি করে এবং মঞ্জুরুল ইসলাম, রুবেল হোসেন, এবাদত হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম একবার করে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন।

ফাইফার পূর্ণ করার মুহূর্তটিকে আরও বেশি স্মরণীয় করে রেখেছেন হাসান ও লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জোশুয়া বিশপকে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে পরাস্ত করেন হাসান। শট খেলতে গিয়ে বিশপ ভারসাম্য হারিয়ে ফেললে, মুহূর্তের মধ্যে বেলস ফেলে স্টাম্পিং সম্পন্ন করেন উইকেটকিপার লিটন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি পেস বোলারের বলে স্টাম্পিংয়ের মাধ্যমে উইকেট শিকার হলো, যা এই ম্যাচটিকে ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন গেঁথে রাখবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত