• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: কোথায়, কবে আঘাত হানবে?

প্রকাশিত: ২১:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’: কোথায়, কবে আঘাত হানবে?

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যা শক্তি বাড়িয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। পরে তা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের নির্ধারিত নাম অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদফতরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডাউন টু আর্থ।

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে এই ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও বৃষ্টির প্রভাব পড়তে পারে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর ও সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে ইতোমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির বিবেচনায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি রাখা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: