মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় নতুন নির্দেশনা
ছবি: ফাইল ফটো
মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩১ অক্টোবর থেকে। এর আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে না; এমনকি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও তা প্রক্রিয়াকরণ করা হবে না।
বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা কেবল মন্ত্রণালয়ের অনুমোদিত মেডিকেল সেন্টারেই করাতে হবে। অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মীদের তালিকাটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদন নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট কিংবা টাকা জমা না দিতে সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ স্থগিত কিংবা মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে। অনিয়মের তথ্য প্রমাণসহ [email protected] ঠিকানায় জানানোর অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।
বিভি/এমআর













মন্তব্য করুন: