প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দলীয় পর্যায়ে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের শুভেচ্ছা তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও তাঁদের শুভেচ্ছা জানান।
লিউ হাইশিং জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বেইজিং সফরের সময় হওয়া যৌথ ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে এবং বাংলাদেশের অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দুই দেশের সম্পর্কের যে ভিত্তি স্থাপিত হয়েছিল, ঐতিহাসিক সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা বর্তমান নেতৃত্বের দায়িত্ব। জিয়াউর রহমানের চীন সফরের পর দেশে শুরু হওয়া খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারও পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষির উন্নয়নে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে।
বৈঠকে সিপিসি ও বিএনপির মধ্যে দলীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুই দলের সম্পর্ককে আরও বিস্তৃত করতে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান লিউ হাইশিং। এ ছাড়া বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও চীনের সমর্থনের কথা জানান তিনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবস্থানরত ১৩ লাখ রোহিঙ্গার কারণে দেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরে এই সংকটের টেকসই সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন। জবাবে লিউ হাইশিং জানান, চীন রোহিঙ্গা সংকট সম্পর্কে অবগত রয়েছে এবং তিনি এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা চীনের প্রেসিডেন্টকে অবহিত করবেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন। চীনের পক্ষে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়িন এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের ব্যুরো মহাপরিচালক পেং শিউবিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: