নাটোরের লালপুরে আমনের ক্ষতি
তিন দিনের বৃষ্টিতে ১৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে নাটোরের লালপুরে গত তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ১৫০ হেক্টর জমির আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে পাকা ও আধা পাকা ধানগাছগুলো মাটিতে নুয়ে পড়ে আছে। ক্ষেতে জমেছে পানি। ক্ষেতে জমে থাকা পানি দ্রুত না সরলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা বলে জানিয়েছে কৃষি বিভাগ।
আর এক সপ্তাহ পরেই মাঠগুলোতে শুরু হবে আমন ধান কাটার উৎসব। এমন সময় গত বুধবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিতে মাঠের পাকা ও আধা পাকা আমন ধানগাছগুলো জমিতে নুয়ে পড়েছে। ক্ষেতগুলোতে জমে আছে বৃষ্টির পানি। সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের ধানচাষি আবুল কালাম। এ বছর তিন বিঘা জমিতে তার ধানের আবাদ করেছেন তিনি। তার ভাষ্য, নিবিড় পরিচর্যায় জমিতে এ বছর ধান ভালোই হয়েছিল। আর সপ্তাহ খানেক পরেই জমি থেকে পাকা ধান কাটা শুরু করা যেত। হঠাৎ তিন দিনের বৃষ্টিতে প্রায় ১০ কাঠা জমির ধান হেলে পড়েছে। জমিতে জমে আছে হাঁটুসমান পানি। দ্রুত জমি থেকে পানি না নামলে হেলে পড়া ধান পানিতে নষ্ট হয়ে যাবে।
একই এলাকার ধানচাষি সাইদুর রহমান বলেন, এবার তিনি পাঁচ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছিলেন। তিন দিনের টানা বৃষ্টিতে প্রায় ১০-১৫ কাঠা জমির ধান নুয়ে পড়েছে। এখনো আবহাওয়া পরিষ্কার হয়নি। দ্রুত পানি না সরলে পড়ে যাওয়া ধান নষ্ট হয়ে যাবে। বড় ক্ষতির মুখে পড়বেন তিনি।
স্থানীয় ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত তিন দিনে ঈশ্বরদী ও লালপুরে ১১৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বুধবার রেকর্ড করা হয় ৫৫ দশমিক ৬ মিলিমিটার, বৃহস্পতিবার ২৬ মিলিমিটার এবং শুক্রবার ৩২ মিলিমিটার বৃষ্টিপাত। এখনো এক দিন পরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা কমে আসবে, বৃষ্টির প্রবণতাও কমবে।
লালপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য বলছে, লালপুরে ২০২৬-২৭ অর্থবছরে ৯ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ২১৫ মেট্রিক টন। তবে গত তিন দিনের বৃষ্টিতে ১৫০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, এ বছর উপজেলাজুড়ে ৯ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এখনো ধান কাটা শুরু হয়নি। এর মধ্যে বুধবার থেকে তিন দিনের টানা বৃষ্টিতে ১৫০ হেক্টর জমির ধান নুয়ে পড়ে আক্রান্ত হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
তিনি আরও বলেন, আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে নুয়ে পড়া ধানের তেমন ক্ষতি হবে না। তবে দ্রুত পানি না সরলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। তিনি আরও জানান, নুয়ে পড়া ধান কৃষকদের বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: