• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এইচএসসিতে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষার সময় জানালো বোর্ড

প্রকাশিত: ১৫:১৬, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এইচএসসিতে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষার সময় জানালো বোর্ড

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের পুরো প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ সম্পন্ন করা হবে। ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে চায় বোর্ডগুলো।

আক্তারুজ্জামান বলেন, সব শিক্ষা বোর্ডকে এক মাসের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে। এ কারণে পরীক্ষার সময়সূচি আরও কমিয়ে আনার সুযোগ নেই।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এ সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫  জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এর প্রেক্ষিতে ফলাফল ঘোষণার দিনে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এরই ধারাবাহিকতায় এইচএসসিতে অকৃতকার্য মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের পুনঃপরীক্ষা নেয়া হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত