• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ঢাকায় পোলিশ চলচ্চিত্র প্রদর্শনী ও নোবেলজয়ী সাহিত্যিকদের নিয়ে আলোচনা

প্রকাশিত: ১১:৪২, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪৩, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় পোলিশ চলচ্চিত্র প্রদর্শনী ও নোবেলজয়ী সাহিত্যিকদের নিয়ে আলোচনা

পোল্যান্ডের সমৃদ্ধ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের দর্শক ও পাঠকদের পরিচয় করিয়ে দিতে রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

‘Polish Culture in Bangladesh’ শীর্ষক এ আয়োজন যৌথভাবে উপস্থাপন করছে নয়াদিল্লির পোলিশ ইনস্টিটিউট এবং বাংলাদেশে পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনস্যুলেট জেনারেল।

শুক্র ও শনিবার (৬-৭ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনেমা হলে অনুষ্ঠিত হবে পোলিশ চলচ্চিত্র প্রদর্শনী ও নোবেলজয়ী পোলিশ সাহিত্যিকদের নিয়ে বিশেষ আলোচনা।

৬ নভেম্বর: আন্দ্রেজ ভাইদার ‘আফটারইমেজ’ চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম দিনের আয়োজনে ৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে বিশ্বখ্যাত পোলিশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেজ ভাইদা (Andrzej Wajda) পরিচালিত চলচ্চিত্র ‘আফটারইমেজ’ (Afterimage/Powidoki)। ২০১৬ সালে নির্মিত চলচ্চিত্রটি পোল্যান্ডের বিশিষ্ট চিত্রশিল্পী ভ্লাদিস্লাভ স্ত্রেমিনস্কির (Władysław Strzemiński) জীবন ও শিল্পসাধনার প্রেক্ষাপটে নির্মিত।

চলচ্চিত্রটিতে একজন শিল্পীর সৃজনশীল স্বাধীনতা, ব্যক্তিগত আদর্শ এবং রাজনৈতিক কর্তৃত্বের সঙ্গে শিল্পের জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে। শিল্প ও রাষ্ট্রীয় ক্ষমতার দ্বন্দ্ব, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রতিকূল পরিস্থিতিতেও একজন শিল্পীর নিজস্ব আদর্শে অবিচল থাকার সংগ্রাম চলচ্চিত্রটির অন্যতম প্রধান বিষয়।

চলচ্চিত্র প্রদর্শনীতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। তাঁর আলোচনায় চলচ্চিত্রটির শিল্পভাবনা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং চলচ্চিত্রমাধ্যমে স্বাধীন সৃজনশীলতার গুরুত্ব উঠে আসবে।

এ ছাড়া আলোচনায় অংশ নেবেন ইতিহাসবিদ ও শিল্পসমালোচক মোস্তফা আনোয়ার প্রিন্স। তিনি চলচ্চিত্রটির ঐতিহাসিক প্রেক্ষাপট, শিল্পভাবনা এবং পোল্যান্ডের সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

৭ নভেম্বর: পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকদের নিয়ে বিশেষ আলোচনা

দ্বিতীয় দিনের আয়োজনে ৭ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘Literary Talk: Nobel Laureates of Poland’ শীর্ষক সাহিত্য আলোচনা।

বিশ্বসাহিত্যের ইতিহাসে পোলিশ সাহিত্যের একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। দেশটির নোবেলজয়ী সাহিত্যিকদের রচনায় মানবিক মূল্যবোধ, ইতিহাস, স্বাধীনতা, যুদ্ধ, স্মৃতি, সমাজ ও ব্যক্তিমানুষের অস্তিত্বের প্রশ্ন গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

হেনরিক সিয়েনকিয়েভিচ, ভ্লাদিস্লাভ রেইমন্ট, চেস্লাভ মিউওশ, ভিস্লাভা শিম্বোরস্কা এবং ওলগা তোকারচুকের মতো নোবেলজয়ী সাহিত্যিকদের সৃষ্টিকর্ম পোলিশ সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

‘Literary Talk: Nobel Laureates of Poland’ পর্বে আলোচনায় অংশ নেবেন দেশের স্বনামধন্য অনুবাদক, কবি ও সাহিত্যসমালোচগণ। তাদের অংশগ্রহণে পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকদের সাহিত্যদর্শন, সৃজনশীলতা, বিশ্বসাহিত্যে তাদের অবদান এবং অনুবাদের মাধ্যমে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করবে। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী, সাহিত্যিক, গবেষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের পোল্যান্ডের শিল্প-সাহিত্য সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

অনুষ্ঠানসূচি

৬ নভেম্বর ২০২৬, শুক্রবার — পোলিশ চলচ্চিত্র প্রদর্শনী
•    চলচ্চিত্র: আফটারইমেজ (Afterimage/Powidoki, 2016)
•    পরিচালক: আন্দ্রেজ ভাইদা (Andrzej Wajda)
•    অতিথি আলোচক: ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা ও সভাপতি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম
•    আলোচক: মোস্তফা আনোয়ার প্রিন্স, ইতিহাসবিদ ও শিল্পসমালোচক
•    সময়: সন্ধ্যা ৭টা থেকে
•    স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনেমা হল, ঢাকা

৭ নভেম্বর ২০২৬, শনিবার — সাহিত্য আলোচনা
•    বিষয়: Literary Talk: Nobel Laureates of Poland
•    অংশগ্রহণকারী: দেশের স্বনামধন্য অনুবাদক, কবি, লেখক ও সাহিত্যসমালোচকগণ
•    সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট
•    স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনেমা হল, ঢাকা

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত