• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ঢাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির আয়োজনে সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০০:৫০, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির আয়োজনে সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজধানীতে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যে সামাজিক সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে ঢাকা জেলার ১২টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্মপরিচালক ও প্রকল্পটির সমন্বয়কারী উজ্জ্বল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর বিকাশ চক্রবর্ত্তী ও রাজন দত্ত মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সহকারী সমন্বয়কারী মো. ইজাজুল ইসলাম।

বক্তারা বলেন, মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়ানো এবং জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ ধরনের আয়োজন পাঠক ও শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানে ঢাকা জেলার ১২টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাংস্কৃতিক সংঘের সদস্য, শিক্ষার্থী, পাঠক-পাঠিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘আলো আমার আলো’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। গানটি পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ি ইউনিটের সাংস্কৃতিক সংঘের সদস্য মনিরা সাফা।

পরে সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত ও লালনগীতির পাশাপাশি মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। সাহিত্য ও সংস্কৃতির নানা পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সাংস্কৃতিক পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প’-এর বাস্তবায়ন সহযোগী হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র সারাদেশে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে মাঠপর্যায়ে পাঠকসেবা কার্যক্রম পরিচালনা করছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: