তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার
আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার সম্ভাব্য পাচার রোধে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে বিজিবি। একই সাথে পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর সহ বিভিন্ন সীমান্ত এলাকায় জ্বালানী তেল পাচার রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশির পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পঞ্চগড়, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকসমূহের উপর বিজিবি কর্তৃক নিবিড় নজরদারি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দরে প্রবেশ ও প্রস্থানের সময় ট্রাকগুলোকে অধিক সতর্কতার সাথে তল্লাশি করা হচ্ছে, যাতে কোনোভাবে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন বা পাচারের সুযোগ না থাকে।
তিনি আরো জানান, বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সাথে সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: