কালবৈশাখীর তাণ্ডব, ঘরের দেয়াল চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের দেয়াল চাপা পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সদা হাস্যোজ্জ্বল এ কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে তাহেরুল ইসলামের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের প্রাচীরের উপরের অংশ ভেঙে ঘুমন্ত রেজোয়ানের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।
এদিকে গত দুইদিনের টানা ঝড়ে উপজেলার কৃষিখাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ভুট্টা, আলুসহ চলতি মৌসুমের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ঘরবাড়িরও ক্ষতি হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: