• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

চারদিন নিখোঁজ থাকা সেই কলেজ ছাত্রী নিজেই ফিরলেন বাড়িতে

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ১৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চারদিন নিখোঁজ থাকা সেই কলেজ ছাত্রী নিজেই ফিরলেন বাড়িতে

বিভিন্ন গণমাধ্যমে নিউজ হওয়ার পর অবশেষে সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী সামিয়া আফরিন বাড়ি ফিরেছেন। সোমবার বিকালে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ সামিয়া আফরিন (১৯) পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ মার্চ দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সামিয়া। এরপর গত কয়েকদিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

এদিকে, তার নিখোঁজের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সোমবার বিকালে সামিয়া নিজ বাড়িতে ফিরে আসেন।

কলেজ ছাত্রী সামিয়ার স্বামী বদরুল আলম জানান, ঈদের কেনাকাটা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সামিয়া এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এরপর তার নিখোঁজের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরে আসেন। এদিকে, তার বাড়ি ফেরায় বর্তমানে পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, কলেজছাত্রী সামিয়া বাড়ি ফিরে এসেছে বলে শুনেছি। তারপরও অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: