যে কারণে দুইদিন আগেই ঈদ পালন করলো চাঁদপুরের ৭ মুসল্লি
গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে চাঁদ দেখা যায়নি। এ কারণে এবার ওইসব দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ করে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করবে। ওই রীতি মিলিয়ে বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় একই দিন ঈদ পালন করে। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম এক ঘটনা। সৌদি আরবেরও একদিন আগে ঈদ উদযাপন করেছে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রায় ৭ জন মুসল্লি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় ৭ মুসল্লি মিলে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করেছেন। ঈদের জামাতের ইমাম ছিলেন মাওলানা ইসহাকের ছেলে মাওলানা আবুবক্কর চৌধুরী।
এ বিষয়ে মাওলানা আবু বকর জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’
সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামার অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। তার যুক্তি, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে।
এদিকে মাওলানা ইয়াহিয়া চৌধুরী বলেন, দীর্ঘ যাচাই বাছাইপূর্বক আফগানিস্তান, নাইজার ও মালির চাঁদ দেখার সংবাদ ব্যাপক প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক হওয়ায়, তা গ্রহণ করা যায়নি। এমতাবস্থায় সন্দেহের উপর রোজা ভেঙে ঈদ করা যায় না। অতএব বৃহস্পতিবার রমজানের ৩০ রোজা পূর্ণ করে, শুক্রবার ঈদ উদযাপন করা হবে ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু হয় চাঁদপুরে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে দীর্ঘ ৯৮ বছর থেকে রোজা ও ঈদ উযাপন করে আসছে। এরপর এমন আগাম ঈদের প্রসার ঘটে জেলার ৪০টি গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। শুরুর দিকে এ নিয়ে মতবিরোধ ও স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিলেও এখন স্বাভাবিকভাবেই চলে উৎসব আয়োজন।
বিভি/এজেড



মন্তব্য করুন: