• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

১১৬ টাকার তেল ১৬০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০০:৪৪, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
১১৬ টাকার তেল ১৬০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শিবালয় ইউনিয়নের অন্বয়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

জরিমানা করা ব্যবসায়ীর নাম মো. আরশেদ আলী। তার বাড়ি একই উপজেলার অন্বয়পুর এলাকায়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে আসছিলেন। এ খবর পেয়ে বুধবার দুপুর ১২টার দিকে আরশেদ আলীর দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম। এতে সহযোগিতা করে শিবালয় থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রলের দাম ১১৬ টাকা হলেও আরশেদ আলী তা ১৬০ টাকায় বিক্রি করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় এবং ব্যবসায়ী নিজেও অতিরিক্ত দামে পেট্রল বিক্রির কথা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম গণমাধ্যমকে বলেন, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এআই

মন্তব্য করুন: