মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, চালক গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
পুলিশ জানায়, সারগুলো বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তল্লাশির সময় ট্রাক থেকে ৩০০ বস্তায় ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এর আগে একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিলো জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভি/এআই













মন্তব্য করুন: