• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু

প্রকাশিত: ১৮:১৩, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হত্যা মামলায় দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

পুলিশ জানায়, বুধবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নুরুজ্জামান মিন্টুকে ডিবি কার্যালয় থেকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কড়া নিরাপত্তায় তাকে কারাগারে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে মিন্টুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, মামলাটির তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ওই রাতেই মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত