• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা আইনমন্ত্রীর

প্রকাশিত: ২১:৩৬, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৭, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা আইনমন্ত্রীর

নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ৫০ কোটি টাকা প্রশিক্ষণে বরাদ্দের কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশের প্রতিটি কোম্পানিতে বাধ্যতামূলকভাবে একজন করে আইনজীবী নিয়োগের বিধান চালুর সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪টা ৩৮ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ২০০৬ ব্যাচের আইনজীবীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী এবং শিক্ষানবিশ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বার কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালে তিনি প্রত্যক্ষ করেছেন কীভাবে কঠিন স্ক্রিনিং ও স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে নবীনরা উত্তীর্ণ হয়েছেন। তদবিরের সুযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, "এখানে কোনো তদবির কাজ করেনি, কাজ করেছে নবীনদের নিজস্ব মেধা ও মনন। মেধার ভিত্তিতেই তারা এই জায়গায় এসেছেন।"

আইনজীবী হওয়ার প্রক্রিয়া কতটা চ্যালেন্জিং, তা তুলে ধরে মন্ত্রী মন্তব্য করেন, বার কাউন্সিলের মেধা যাচাইয়ের এই প্রক্রিয়া বিসিএস পরীক্ষার চেয়েও কঠিন।

নবীনদের সফল আইনজীবী হওয়ার দিকনির্দেশনা দিয়ে আইনমন্ত্রী বলেন, ভালো আইনজীবী হতে হলে ‘শর্টকাট’ পথ বর্জন করতে হবে। বিচারকের খাসকামরায় গিয়ে তদবিরের মাধ্যমে বিচারে প্রভাব ফেলার চেষ্টা না করে সততা, দক্ষতা ও আইনের গভীর জ্ঞান অর্জনে মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি।

আইনজীবীদের পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণের ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, পেশাগত মানোন্নয়ন ও প্রশিক্ষণ নিশ্চিতে ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কর্মশালা ও প্রশিক্ষণের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
৮০০০০ আইনজীবী পর্যাপ্ত নয়, কর্মসংস্থান বাড়াতে আসছে নতুন বিধান

দেশের প্রায় ২০ কোটি মানুষের বিপরীতে বর্তমানে প্রায় ৮০ হাজার আইনজীবীকে অপর্যাপ্ত উল্লেখ করে আইনমন্ত্রী সংখ্যাটি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন।

আইনজীবীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি জানান, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে বা কোম্পানিতে আলাদাভাবে আইনজীবী রাখার বাধ্যবাধকতা তৈরির চিন্তা করা হচ্ছে। প্রয়োজনে এ লক্ষ্যে কোম্পানি আইন সংশোধন করার উদ্যোগও নেবে সরকার।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত