ঈদের পরদিন ঝগড়া, ছেলের শাবলের আঘাতে স্পটেই প্রাণ গেল বাবার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে রোববার (২২ মার্চ) দুপুরে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে তার বাবা নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত আসাদুজ্জামান মানিক (২৯)কে আটক করা হয়েছে। প্রায় এক বছর আগে পাশ্ববর্তী ভুরুঙ্গামারী থানায় বিয়ে করার পর থেকে মানিকের স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। বিষয়টি মানিকের মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলেছিল।
ঘটনার দিন রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। উত্তেজিত হয়ে মানিক ঘরে থাকা শাবল দিয়ে আব্দুল খালেকের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মানিক কিছুটা মানসিক ভারসাম্যহীন। ঘটনার সঙ্গে সম্পর্কিত মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহ ও মানসিক সমস্যা একত্রিত হয়ে এই ট্র্যাজেডি ঘটিয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: