রাজধানীতে এজেআর কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-ভাঙচুর
রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গুদামের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুরের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বারইখালী এলাকায় সিকদার মেডিকেল কলেজের পাশে এ ঘটনা ঘটে।
এজেআর ওয়ারহাউসের নিরাপত্তা ইনচার্জ মো. রুহুল আমিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ কুরিয়ার সার্ভিসের গুদামে প্রবেশ করে। এরপর তারা ভবনের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অফিসে থাকা ল্যাপটপ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সেগুলো নিয়ে যায়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। গুদামে হামলার আগে তারা আশপাশের এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরাও অকার্যকর করে দিয়েছিল, যাতে তাদের সহজে শনাক্ত করা না যায়।
ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: