• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

একদিনে দুইবার বাড়লো স্বর্ণের দাম, ভরিপ্রতি দাম কত

প্রকাশিত: ২২:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
একদিনে দুইবার বাড়লো স্বর্ণের দাম, ভরিপ্রতি দাম কত

একদিনে দুইবার বাড়লো স্বর্ণের দাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দাম বাড়ানোর পর রাতেও আরও এক দফা স্বর্ণের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম ১ মার্চ থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানায়, তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৯৯৮ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার খবরে বিশ্ববাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্বব্যাপী স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গ (GoldPrice.org) এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২৭৮ ডলারে পৌঁছেছে।

এর আগে ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

গত মাসের শেষদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একইসঙ্গে এক ধাপে স্বর্ণের দাম এত বড় অঙ্কে বাড়ানোর ঘটনাও ছিল নজিরবিহীন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত