এবার সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো আরেক ট্যাংকার
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ নামক আরও একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল, তার মধ্যে এটি গত ১১ দিনের মধ্যে দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ।
আগামী এক সপ্তাহের মধ্যে আরও তিনটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বৃহস্পতিবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে ‘এসপিটি থেমিস’, যাতে ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন ডিজেল রয়েছে। ‘র্যাফেলস সামুরাই’ নামের আরেকটি ট্যাংকার শনিবার পৌঁছাবে। এছাড়া ১৫ মার্চ ‘চ্যাং হ্যাং হং টু’ নামের আরও একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে আসবে। এই দুটিতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল রয়েছে। এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা এই পাঁচটি ট্যাংকার মিলিয়ে দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ মেট্রিক টন পরিশোধিত ডিজেল যুক্ত হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নয়টি দেশ থেকে ২৩ লাখ ২৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত থেকে আমদানি করা হয়েছে ৭৮ শতাংশ। মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে ডিজেল আমদানি করা হয়নি।
উল্লেখ্য, এর আগে গত সোমবার ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে ‘শিউ চি’ নামের একটি ট্যাংকার।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: