আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৪ মার্চ) নির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। শুক্রবার (১৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে। নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায়।
এর আগে, গত ১২ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। তখন ২১ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা। সেই দামও কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৬ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০৭ টাকায়।
বিভি/এসজি



মন্তব্য করুন: