জ্বালানি আমদানি নিশ্চিতে প্রয়োজনীয় ডলার সরবরাহের তাগিদ
রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ দ্বিগুণ করে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের বড় সংগঠন এফবিসিসিআই। পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় ডলারের জোগান নিশ্চিত করার সুপারিশও করেছে সংগঠনটি।
দেশের সামগ্রিক অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতারা এসব দাবি উত্থাপন করেন।
এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর জানান, বৈঠকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ঋণের সুদহার কমানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানিকারকদের জন্য নগদ সহায়তা নিয়মিত প্রদানের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
বৈঠকে গভর্নর আশ্বস্ত করেন, দেশে ডলারের সরবরাহ সন্তোষজনক থাকায় বিনিময় হার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা নেই। এছাড়া বৈঠকে উত্থাপিত কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: