আবারও বাড়তি দামের চাপ নিত্যপণ্যের বাজারে
ছবি: সংগৃহীত
নিত্যপণ্যের বাজারে আবারও বাড়তি দামের চাপ। আটা-ময়দা, সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও পোলাও চালসহ বেশ কিছু মুদি পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে ডিমের দাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বাড়তি দামের চাপ কমছেই। আটা-ময়দা, তেল, ডাল, চিনি কিংবা পোলাও চালসহ—মুদি পণ্যের প্রায় প্রতিটি তালিকাতেই যোগ হয়েছে বাড়তি খরচ।
কারওয়ান বাজারে দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে কেজি ১৫০ টাকায়। সাধারণ মসুর ডাল ১০০ টাকা। সয়াবিন তেলের দামও বেড়েছে। ৯৭৫ টাকার তেল এখন বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে আটা-ময়দার দাম। কেজিতে ময়দার দাম বেড়েছে ২০ টাকা। আর আটার দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।
চিনির দামও বেড়েছে কেজিতে ৫ টাকা করে। এখন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। আর প্যাকেটজাত পোলাও চালের কেজি বিক্রি হচ্ছে অন্তত ২৩০ টাকায়।
মুদি পণ্যের পাশাপাশি বাড়তি দামের আঁচ ডিমের বাজারেও। কারওয়ান বাজারে ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা।
সাধারণ চাল ও মুরগির দাম রয়েছে আগের মতোই। তবে উর্ধ্বমুখী প্রবণতা সবজির বাজারেও।
মাছের বাজারেও অস্থিরতা। রুই, কাতল, পাঙ্গাসের দাম কিছুটা নাগালে থাকলেও জাতীয় মাছ ইলিশ সাধারণ মানুষের সাধ্যের বাইরে।
বিভিন্ন খাদ্য-পণ্যের দাম বাড়ায় নিত্যদিনের বাজার সামলাতে সীমিত আয়ের মানুষকে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
বিভি/এআই













মন্তব্য করুন: