বিয়ে করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্র কে?
মিমি চক্রবর্তী
বিনোদন জগতে আলোচনায় নতুন খবর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের আয়োজন হতে পারে এই অভিনেত্রীর।
প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, মিমির বিয়ের অনুষ্ঠান হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে। এমনকি নভেম্বরেই আংটিবদলের অনুষ্ঠান হতে পারে বলেও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের কোনোটিই এখন পর্যন্ত মিমি চক্রবর্তী নিজে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে হবু পাত্রকে ঘিরে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির পাত্র টলিউডের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। তাঁর নাম **সিদ্ধার্থ** বলেও কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সিদ্ধার্থের পরিচয় কিংবা মিমির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। মিমি কিংবা কথিত পাত্র—কেউই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
মিমি চক্রবর্তী বরাবরই নিজের ব্যক্তিজীবনকে আলোচনার বাইরে রাখতে পছন্দ করেন। বিয়ে নিয়ে অতীতেও তাঁকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। কয়েক বছর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে, দেখা-সাক্ষাতেরও প্রয়োজন হবে—কিন্তু সেসবের জন্য সময় কোথায়! সেই মিমির জীবনেই এবার সত্যিই কেউ এসেছেন কি না, তা নিয়ে তাই ভক্তদের কৌতূহল তুঙ্গে।
বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় মিমি। বিশেষ করে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর দুই বাংলায় তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরা ধুরা’ গানও ব্যাপক জনপ্রিয়তা পায়।
তবে আপাতত সবই রয়েছে গুঞ্জনের পর্যায়ে। মিমি চক্রবর্তী নিজে বিয়ের খবর নিশ্চিত না করা পর্যন্ত তাই এটিকে আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। এখন দেখার বিষয়, সত্যিই কি ডিসেম্বরে পাহাড়ের কোলে বসবে মিমির বিয়ের আসর, নাকি গুঞ্জনেই থেমে যাবে এই গল্প।
বিভি/জোহা













মন্তব্য করুন: